
বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়।
লাইনচ্যুত হয়ে যাওয়ার পরেও ঘষটে ঘষটে বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছিল কলকাতা-সৈরাং এক্সপ্রেস! এমনই অভিজ্ঞতার কথা শোনালেন ওই ট্রেনের এক যাত্রী। একই অভিজ্ঞতা ওই ট্রেনের প্যান্ট্রিকারের ম্যানেজারেরও। তিনি জানান, দুর্ঘটনা যখন ঘটে তখন তাঁরা ঘুমোচ্ছিলেন। বিকট শব্দে কেঁপে ওঠেন। বুঝতে পারেন ট্রেন লাইনচ্যুত হয়েছে। অভিঘাতে আসন থেকে পড়ে যান তিনি। তবে ট্রেনের গতি বেশি না-থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান ওই ম্যানেজার।
বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের ডিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সৈরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়। আহত হন বেশ কয়েক জন। বড় দুর্ঘটনা না-ঘটলেও চোখেমুখে আতঙ্ক যাত্রী থেকে শুরু করে ওই ট্রেনের কর্মীদের। অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বার বার কেঁপে ওঠে তাঁদের কণ্ঠ।
সংবাদসংস্থা এএনআই-কে প্যান্ট্রিকারের ম্যানেজার বলেন, ‘‘আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। গুয়াহাটি পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। গুয়াহাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। তার পরে আবার চলা শুরু করে। ট্রেনের গতি ভালই ছিল। তবে দিগারু স্টেশন পার হওয়ার পর পরই গতি কমে যায়। ওই স্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার পর একটা বিকট শব্দ শুনি। কেঁপে ওঠে কামরা। আসন থেকে পড়ে যাই।’’ ওই ম্যানেজার জানান, শব্দ শুনে বুঝতে পারেন ওই এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তাঁর দাবি, ‘‘আমরা আতঙ্কিত হয়ে পড়ি। দরজা খোলার চেষ্টা করেও পারিনি। বুঝতে পারি লাইনচ্যুত অবস্থাতেও ট্রেন চলছে। অনুমান, প্রায় এক কিলোমিটার ও ভাবেই ট্রেনটি চলে। ১০ মিনিট পর থামে।’’ ওই ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কার পুরোপুরি অকেজো হয়েছে বলে জানান ওই ম্যানেজার।
পিন্টু সরকার নামে প্যান্ট্রিকারের এক কর্মী জানান, তাঁরা সকালে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ায় কামরার মধ্যেই পড়ে যান তাঁরা। ধাক্কাধাক্কি হয়। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও আতঙ্ক কাটছে না পিন্টুর। অন্য যাত্রীদের অভিজ্ঞতাও প্রায় একই। এক যাত্রী জানান, ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বুঝতে পেরে কামরার সকলে বাইরে বার হওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে দিয়ে বার হওয়া অত্যন্ত কষ্টকর ছিল। দুই কামরার মাঝের অংশ সঙ্কীর্ণ হয়ে গিয়েছিল।
